প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ১১

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২৩:১২

মাগুরায় প্রতিপক্ষের হামলায় কবির হোসেন মীর (৪৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার বিকালে সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ১১জন আহত হয়েছেন।

নিহত কবির হোসেন পেশায় একজন কৃষক। সে উক্ত গ্রামের জনাব আলী মীরের ছেলে।

পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে বিল্লাল হোসেনের সঙ্গে প্রতিপক্ষ খোরশেদ মীর গ্রুপের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। বুধবার বিকালে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। এ সময় কবির হোসেনরে প্রতিপক্ষ সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সে মারা যান। এই ঘটনার জেরে আবারো দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ১১জন আহত হয়েছে। তাদের মধ্যে আরজ আলী, জাকির, নায়েব আলী, হাদেক, বিল্লাল শেখকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: গুলশানে ছাদে এডিস মশার লার্ভা, বাড়ির মালিককে জরিমানা

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সামাজিক দলাদলি নিয়ে সিংহডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে প্রতিপক্ষ খোরশেদ মীর গ্রুপের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই ঘটনার জেরে খোরশেদ মীরের ছোট ভাই কবির হোসেন মীর নিহত হয়েছে। এক গ্রুপের নেতা আহত বিল্লাল হোসেনকে পুলিশ প্রহরায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ইত্তেফাক/বিএএফ