সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১:০৩

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’- এই তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

তিনি জানান, গত মাসে জারি করা নির্দেশনাপত্রটি সোমবার আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) এক সেট বই সংরক্ষণ’ শীর্ষক একটি নির্দেশনাপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছিল। ওই নির্দেশনায় ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

সর্বশেষ মন্ত্রণালয় সেই নির্দেশনা বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে।

ইত্তেফাক/এমএএম