২১২ ছাগল ছিনতাই চেষ্টা

মোহাম্মদপুরের সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০০:১৪

২১২টি ছাগল ছিনতাই চেষ্টার অভিযোগে মোহাম্মদপুর থানার সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত। সাবেক ঐ সভাপতির নাম মুজাহিদ আজমী তান্না। মামলার বাদী ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ আগস্ট একদল ব্যবসায়ী যশোরের বারোবাজার পশুরহাট ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ২১২টি ছাগল নিয়ে ঢাকায় আসেন। চাঁদার দাবিতে অভিযুক্তরা ট্রাকটি মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লা এলাকায় আটকে রাখেন। তারা ছাগলগুলো নামান ও একটি ক্লাব ঘরে ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাবু খান, শেখ সোলেমান, মো. নুরুজ্জামান, ফারুক বিশ্বাস, মোহাম্মদ মাসুদ মণ্ডলকে আটকে রাখেন। এ সময় র‍্যাব-২ এর একটি টহল দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনুমোদনহীন পশুর হাট তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল। খবর পেয়ে দলটি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের উদ্ধার করে।

ভুক্তভোগীরা তিন ছিনতাই চেষ্টাকারীকে শনাক্ত করেন। তারা হলেন, ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম ও  মো. রায়হান। জিজ্ঞাসাবাদে তারা বলেন, এ ঘটনায় তাদের সহযোগী ছিলেন মুজাহিদ আজমী তান্নাসহ আরো পাঁচজন। অভিযুক্তরা লাইসেন্স ছাড়া অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার করছিলেন এবং নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে আসছিলেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় টেলিযোগাযোগ আইনে একটি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।