দুঃসাহসী অভিযাত্রী বেয়ার গ্রিলসের আলোচিত অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। একা একা জলে-জঙ্গলে দুঃসাহসী সব কর্মকান্ড করে বেড়ান তিনি। এবার এই দুঃসাহসী অভিযানের সঙ্গী করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মোদির সঙ্গে তাঁর জলে-জঙ্গলে ঘুরে বেড়ানোর অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস অ্যান্ড প্রাইম মিনিস্টার মোদি’ সোমবার রাতে প্রচার করে ডিসকভারি চ্যানেল। ভারতসহ গোটা বিশ্বের বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেছে। অনুষ্ঠানের শুরুতেই দেখা যায়, ভারতের উত্তরাখন্ডের জিম করবেট জাতীয় উদ্যানে মোদির জন্য অপেক্ষা করছেন বেয়ার গ্রিলস। মোদিকে বহনকারী গাড়ি সেখানে আসতেই তাঁকে স্বাগত জানান গ্রিলস। এরপর দুজনে মিলে বাঘ, সিংহসহ অসংখ্য হিংস্র প্রাণীর অভয়ারণ্যে হাঁটতে শুরু করেন। পথে চলতে চলতে তিনি বেয়ার গ্রিলসকে শোনান নিজের জীবনের নানা গল্প, দর্শন, পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের সংকট ও পর্যটনের সম্ভাবনার কথা। অনুষ্ঠানের এক পর্যায়ে দেখা যায়, হাতের কাছে পাওয়া উপাদান দিয়ে বানানো নৌকায় চড়ে প্রচন্ড ঠান্ডা নদী পার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় মোদির চোখে-মুখে ভয়ের ছাপ দেখা যায়নি। তিনি বেশ গল্প করতে করতে ওই নৌকায় করে নদী পার হন। গোটা অনুষ্ঠানে অন্যরকম এক সাহসী মোদির দেখা পান দর্শকরা। -ইন্ডিয়ান এক্সপ্রেস
