হবিগঞ্জ শহরের উমেদনগর পুরানহাটি এলাকায় অগ্নিকাণ্ডে ১০টি বাসগৃহ ভস্মীভূত হয়েছে। জানা যায়, গত বুধবার দিবাগত মধ্য রাতে ওই এলাকার জসিম মিয়ার বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তালুক মিয়া, বাজেষ্টর, নজরুল, জসিম, ইব্রাহিম মিয়া, মোস্তফা মিয়া, মিরাস মিয়াসহ অন্তত ১০ জনের বাসা-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র টিম লিডার সামছুল আলম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সেনবাগে বসতঘর ভস্মীভূত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে ওই গ্রামের ৯নং ওয়ার্ডের গোপাল চন্দ্র মালাকারের বাড়িতে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ অন্তত সাত লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
ইউএনও শতরুপা তালুকদার ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাত্ক্ষণিক ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
