কালীগঞ্জে বিদ্যুতের তারে প্রাণ গেল এক যুবকের!

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৬:২৬

লালমনিরহাটের কালীগঞ্জে ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট​ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সন্তোষ মালি (৩৭)। বৃহস্পতিবার উপজেলায় চাপারহাট কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটেছে। তিনি ওই বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন। সন্তোষ মালি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারি গ্রামের রাখাল মালির ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় চাপারহাট কিন্ডারগার্টেন স্কুলে সন্তোষ মালি ঝাড়ু দেওয়ার কাজ  করছিলেন। এ সময় মাথার ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সন্তোষ মালির গায়ে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে বখাটেদের হাতে মার খেলেন প্রধানমন্ত্রী গোল্ড মেডেল প্রাপ্ত শিক্ষক

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল সাংবাদিকদের জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। বিদ্যুতের মূল তারের সঙ্গে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু