মেঘালয় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৮:০০

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।

শনিবার (১১ জুলাই) সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত প্রায় ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট এলাকার কাছে তিনি গুলিবিদ্ধ হন। পরে পুলিশ বেলা ১১টার দিকে তাঁর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দাবি, মিনহাজসহ কয়েকজন শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা মেঘালয়ের লাখাট স্টেশন এলাকায় পৌঁছালে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের কিছু লোক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। পরে তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।

পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন জানান, মিনহাজ সুপারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শ্রমিকদের নিয়ে ভারত থেকে সুপারি আনতে গিয়ে ফেরার পথে এ গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, মিনহাজের বড় ভাই অসুস্থ এবং বাবা বয়স্ক হওয়ায় পরিবারের দায়িত্ব মূলত তাঁর ওপরই ছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/এমএএম