সেতু ভেঙ্গে পড়ল নৌকায়, ডুবে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৭:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাজার জিয়ারত করতে যাওয়ার সময় নৌকা দুর্ঘটনায় আছিয়া খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামে।

বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আছিয়া খাতুন একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আখাউড়ার খরমপুরে কেল্লাশাহর মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। নৌকাতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তারা সবাই ওই মাজার জিয়ারতে যাচ্ছিলেন। 

আরও পড়ুন: আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি, পুলিশসহ আহত ২২

পথে রসুল্লাবাদ গ্রামের পূর্ব পাড়ায় যমুনা নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নৌকাটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সেতুটি নৌকার ওপর ভেঙে পড়ে। ডুবে যায় নৌকাটি। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও আছিয়া খাতুন ডুবে মারা যান।

পরে স্থানীয়রা নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।

ইত্তেফাক/অনি