বৃহস্পতিবার যশোরে হত্যাসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় মনিরুল ইসলাম ওরফে মিনারুল (৩৮) নামে এক কৃষক খুন হয়েছেন। এক আনসার সদস্য মুখমণ্ডলের নিচে অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। ট্রেনে কেটে এক নারী নিহত হয়েছেন এবং মারা গেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি।
স্থানীয়, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার সালতা গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় মনিরুল ইসলাম ওরফে মিনারুল (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। মিনারুল ওই গ্রামের মৃত সদর মোল্লার ছেলে।
নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, মিনারুল বুধবার রাত ১০টার দিকে বাড়িতে গরুর জন্যে বিচালি কাটছিলেন। কিছু সময় পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোজাখুঁজির একপর্যায়ে মিনারুলকে বাড়ি থেকে বেশ দূরে খালের পাড়ে একটি বাগানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান মিনারুলকে তার বাড়ির পাশের মাঠে কে বা কারা কুপিয়ে জখম করে ফেলে গেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, কৃষক মিনারুল এলাকায় নিরীহ মানুষ হিসেবেই পরিচিত। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। অন্যথায় পুলিশবাদী মামলা হবে।
এদিকে যশোরে মকদম আলী (৫১) নামে এক আনসার সদস্য মুখমণ্ডলের নিচে অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মকদম আলী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিল আমুলি গ্রামের হযরত আলীর ছেলে। তিনি বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ বলেন, 'পারিবারিক কলহের জের ধরে আনসার সদস্য মকদম আলী আহত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর পুলিশ ক্যাম্পে নিজের কক্ষে চায়না রাইফেল ঠেকিয়ে আত্মহত্যা করেন। গুলি মাথা দিয়ে বেরিয়ে গেছে। গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র হাতে পড়ে ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি তিনি আত্মহত্যা করেছেন।'
তিনি আরও বলেন, 'স্ত্রীর সঙ্গে মকদমের বয়সের ব্যবধান অনেক। তাদের দাম্পত্য কলহ ছিল। এছাড়া কিছুদিন আগে দুর্ঘটনায় তাদের ছোট মেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে। এসব নিয়ে হতাশায় ছিলেন মকদম। বৃহস্পতিবার ভোরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ সময় পুলিশ প্রশাসন ও আনসারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।'
পুলিশ সুপার মঈনুল হক বলেন, 'পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে।'
এছাড়া যশোরে ট্রেনে কেটে এক নারী নিহত হয়েছেন। নিহত রিজিয়া বেগম (৬৫) টাঙ্গাইল জেলার কালিহাটি উপজেলার সাতিহাটি গ্রামের হাজি তোফাজ্জেল হোসেনের স্ত্রী। নিহতের মেয়েজামাই রস্তুম আলী জানান, তিনি তার স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর রেল স্টেশনে ট্রেন থেকে নামছিলেন। এ সময় তার শাশুড়ি পা পিছলে নিচে পড়ে যান। একই সময় ট্রেনও চলতে শুরু করে এবং রিজিয়া বেগমের দুই পায়ের উপর দিয়ে চলে যায়।
দুই পা কেটে ও মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর জখম হন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা.অমিয় দাস বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ইকবাল শেখ (৪২) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়। ইকবাল শেখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৪ সালের ৩ ডিসেম্বর উচ্চ আদালত থেকে মৃত্যুদণ্ড সংশোধিত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব বলেন, '২০১৭ সালের ১২ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসে মোহাম্মদ ইকবাল শেখ। তার শারীরিক অবস্থা ভালো ছিল। বৃহস্পতিবার সকালে কারা অভ্যন্তরে কেস টেবিলের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে তার ইসিজি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস বলেন, 'হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার ১৫-২০ মিনিট আগে তার ইসিজি রিপোর্টে হার্টের সমস্যা দেখা গেছে।'
ইত্তেফাক/নূহু
