চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের অন্তর্গত পাঁচ জেলায় ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের বাইরের জেলাগুলোতে এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী চলবে।
এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের কারণে সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

