বগুড়া প্রফেশনালস ক্লাব (বিপিসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শিরোপা জিতেছে করতোয়া সিটি। শনিবার (১১ জুলাই) তেজগাঁওয়ের টার্ফ নেশনে রিয়াল বাঙালিকে হারিয়ে শিরোপা তুলে নেয় দলটি।
বগুড়ার ১৩টি উপজেলার খেলোয়াড়দের নিয়ে জেলার চারটি ঐতিহ্যবাহী নদীর নামে গঠিত করতোয়া সিটি, নাগর ইউনাইটেড, অ্যাটলেটিকো যমুনা ও রিয়াল বাঙালি— এই চারটি দলের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জমজমাট ফাইনাল ম্যাচে করতোয়া সিটি ও রিয়াল বাঙালি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শুটআউটে করতোয়া সিটি ১-০ ব্যবধানে রিয়াল বাঙালিকে হারিয়ে বগুড়া প্রফেশনালস’ ক্লাবের আয়োজিত প্রথম ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া প্রফেশনালস’ ক্লাবের প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার মুনজুরুল করিম এবং সেক্রেটারি ও কো-ফাউন্ডার মুহাম্মাদ মাছুদুর রহমান এবং ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিপিসির প্যাট্রন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন শওকত-উল-ইসলাম জিন্নাহ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম, ড. মো. আব্দুর রাজ্জাক, সুরাইয়া আখতার জাহান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবির উদ্দিন প্রামানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, এমএম গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম টিটু, গণপূর্ত অধিদফতরের সাবেক মহাপরিচালক মো. আশরাফুল আলম, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জেনারেল ম্যানেজার মাজহারুল লিমনসহ অনেকে।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও বিপিসির কো-ফাউন্ডার-ট্রেজারার রিজভী আহমেদ বলেন, বগুড়ার পেশাজীবী ও বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
তিনি টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারী খেলোয়াড়, সমর্থক, অতিথি ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

