বিপর্যয়ে দল, শঙ্কা পরাজয়ের। সেই দলই দিন শেষে আশা জাগিয়েছে জয়ের। ঘুরে দাঁড়ানোয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। লড়াইয়ে তার যোগ্য সঙ্গী ছিলেন হেনরি নিকোলস। দুজনের ম্যারাথন জুটিতে হারের শঙ্কা থেকে নিউ জিল্যান্ড দেখছে জয়ের সম্ভাবনা।
উইলিয়ামসন ১৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে নিকোলস। পাকিস্তানের বিপক্ষে আবু ধাবি টেস্টের চতুর্থ দিন শেষে গতকাল বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের রান চার উইকেটে ২৭২।
অথচ চতুর্থ উইকেট পড়ার সময় তাদের রান ছিল কেবল ৬০। এরপর ৮০ ওভারের বেশি সময় জুটি বেঁধে উইলিয়ামসন ও নিকোলস যোগ করেছেন ২১২ রান। কাল দিন শেষে নিউজিল্যান্ড এগিয়ে ১৯৮ রানে।
দিনের শুরুটা ছিল ইয়াসির শাহর ইতিহাস রচনা দিয়ে। নাইটওয়াচম্যানকে উইলিয়াম সামারভিলকে বোল্ড করে ইয়াসির পূর্ণ করেছেন ৩৩ টেস্টে ২০০ টেস্ট উইকেট নিয়ে ভেঙেছেন ১৯৩৬ সালে গড়া ক্ল্যারি গ্রিমেটের দ্রুততম দুইশর রেকর্ড (৩৬ টেস্ট)।
পাঁচে নামা রস টেইলর চেষ্টা করেছিলেন পাল্টা আক্রমণের। ১৪ বলে ২২ রান করা ব্যাটসম্যানকে থামান শাহিন শাহ আফ্রিদি। আবুধাবিতে তখনও পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে পেছনে ১৪ রানে, হাতে কেবল ৬ উইকেট। দিন শেষেও উইকেট বাকি সেই ৬টিই। উইলিয়ামসন ও নিকোলসের জুটিতে বদলে গেছে ম্যাচের চিত্র।
অধিনায়ক উইলিয়ামসন ১৫৪ বলে স্পর্শ করেছেন ১৯তম টেস্ট সেঞ্চুরি। লড়াইয়ে ক্ষান্তি দেননি এরপরও। বরং ছিলেন আরও সাবধানী। সেঞ্চুরির পর ৩৯ রান করেছেন আরও ১২৮ বল খেলে।
নিকোলস শুরুতে ছিলেন বেশ নড়বড়ে। দিন শেষে তার নামের পাশে ৯০ রান ২৪৩ বলে।
পঞ্চম উইকেটে দুজনের ২১২ রানের অবিচ্ছিন্ন জুটি এসেছে ৪৮২ বলে।
