গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকসহ ২ লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক এলাকা থেকে বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবকসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অজ্ঞাত যুবকের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং মনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উপজেলার বুজরুক বোয়ালিয়া ঘোষপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। 

নিহত মনোয়ার হোসেন ওই গ্রামের হুমায়ন কবির সাজু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে একজন ভ্যান চালক অজ্ঞাত এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ওই যুবক আহত হয়েছেন। পরে কাউকে কিছু না জানিয়ে ভ্যান চালক হাসপাতাল থেকে চলে যান। পরে দেখা যায় যুবকটি অনেক আগেই মারা গেছেন। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদি হাসান জানান, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন: ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ আটক ৩

যুবকটির পড়নে জিন্সপ্যান্ট, গায়ে টিশার্ট ও গলায় তামার চেইন (মালা) রয়েছে। বয়স আনুমানিক ২৪/ ২৫ বছর। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

ওসি আরও বলেন, গত বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে মনোয়ার হোসেন তার নিজ শয়ন ঘরের ধর্নার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুইটি গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/অনি