লিভারপুল তাদের ক্লাব ইতিহাসের চতুর্থ উয়েফা সুপার কাপ জয়ের পর নায়ক আদ্রিয়ানের প্রশংসায় মেতেছে। কোচ য়ুর্গেন ক্লপ স্প্যানিশ এই গোলরক্ষকের স্নায়ু ধরে রাখার ব্যাপারটির দারুণ তারিফ করেছেন।
সপ্তাহখানেক আগেও নিজের ভবিষ্যত্ নিয়ে অন্ধকারে ছিলেন আদ্রিয়ান। ওয়েস্ট হ্যামের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন মেয়াদে রাজি হননি তিনি। এদিকে আসছিল না নতুন কোনো ক্লাবের প্রস্তাবও। দলবদলের একেবারে শেষ দিকে এসে তাকে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে দলে ভেড়ায় লিভারপুল। এরপর গোলরক্ষক অ্যালিসন বেকারের চোটে কপাল খোলে তার। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের শেষ অর্ধে আগলেছিলেন দলের গোলমুখ। এরপরই আসে সুপার কাপের এই মাহেন্দ্রক্ষণ।
ট্যামি আব্রাহামের পেনাল্টি পা দিয়ে ঠেকিয়ে বীরই বনে যান স্প্যানিশ গোলরক্ষকটি। এমন ভাগ্য আর নৈপুণ্যের পর সপ্তাহটিকে ‘পাগলাটে’ হিসেবেই দেখছেন আদ্রিয়ান, ‘লিভারপুলে স্বাগতম। দলের জন্য আমি আনন্দিত। লিভারপুলে খেলতে পেরে আমি খুশি এবং এখানকার ভক্তদের জন্যও আনন্দিত। এটা বেশ দীর্ঘ এক ম্যাচ ছিল কিন্তু শেষটা আমাদের জন্য ভালোই বয়ে এনেছে।’
এমন পারফরমেন্সের পর কোচ ক্লপের দারুণ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচটাকে তুলনা দিয়ে বসেন আশির দশকের ক্রীড়াবিষয়ক সিনেমা ‘রকি’র সঙ্গেও! ক্লপের ভাষায়, ‘এটা অনেকটা রকির মতো! কী অসাধারণ এক গল্প!’
গোলরক্ষক আদ্রিয়ানের স্নায়ুর তারিফ করে তিনি বলেন, ‘সে তার স্নায়ু ধরে রেখেছিল। সে ইতিমধ্যেই সাঝঘরে দারুণ আমুদে হয়ে উঠেছে। সে তার জীবনে এমন কিছু জেতেনি। তাই এই জয়টা তার জন্য বেশ ভালোই হবে। সে অবিশ্বাস্য কিছু বল ঠেকিয়েছে, যদিও তা দুই গোলরক্ষকই করেছে। তাই আমি তার জন্য বেশ খুশি।’
দলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের কণ্ঠেও ঝরে পড়েছে আদ্রিয়ান-স্তুতি, ‘আমি ম্যাচের আগে বলেছিলাম ফাইনালে যে কোনো কিছু হতে পারে। আর শেষে পেনাল্টিতেই খেলার ফল নির্ধারিত হয়েছিল। পেনাল্টির আগে আদ্রিয়ানকে বলেছিলাম যে, ‘নায়ক হয়ে যেতে পারো তুমি’। সে সেটা করতে পেরেছে এবং এজন্য আমি বেশ খুশি।’
ইস্তাম্বুলের এই ম্যাচ শেষে অবশ্য বড়ো বিশ্রাম পাচ্ছে না কোনো দলই। আগামীকাল শনিবার সাউদাম্পটনের মুখোমুখি হবে ক্লপের শিষ্যরা। এক দিন পর চেলসি মুখোমুখি হবে লেস্টার সিটির। তাই অতিরিক্ত সময় খেলার ধকল এড়াতে চাইছিলেন ক্লপ, ‘এটা দুই দলের জন্যই কঠিন এক ম্যাচ ছিল। স্টেডিয়ামের কেউই অতিরিক্ত সময় চায়নি, কেননা এটা মেরে ফেলে। পেনাল্টিটা নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই কিন্তু এখন কে আর সেটার পরোয়া করছে?’
তিনি আরো বলেন, ‘আমরা ভালোভাবেই শুরু করেছিলাম কিন্তু এরপরই আমাদের ছন্দপতন ঘটে। ফুটবল নিয়ে অনেক কথা বলতে পারতাম আমরা কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আমাদের লড়াই করতে হতো এবং ছেলেরা আজ তা করেছেও।’
