আজ থেকে শুরু হতে যাওয়া স্প্যানিশ লিগ জয়কেই চলতি মৌসুমে প্রধানতম লক্ষ্যবস্তু করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আগামীকাল রাতে সেল্টা ভিগোর বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রিয়াল। এর আগে আজ রাতেই অবশ্য শিরোপাধারী বার্সেলোনা এবং অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯-২০ মৌসুমের লা লিগার।
জিদান রিয়াল মাদ্রিদে আগের মেয়াদে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। লিগ জিতেছিলেন মোটে একটি। কোপা দেল রে শিরোপা তো জিততেই পারেননি। মাদ্রিদের ডাগআউটে নিজের তিন মৌসুমে মোটে একটি ঘরোয়া শিরোপাই মূলত ফরাসি এই কোচকে লিগ শিরোপার কঠোর প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করেছে।
ক্লাবের ইতিহাসে মোট ৩৩টি লিগ শিরোপা জিতলেও শেষ ১০ বছরে সংখ্যাটা নেমে এসেছে দুইয়ে। এ সময়ে বার্সেলোনার একক আধিপত্য দেখেছে লা লিগা। শেষ দুই মৌসুমে তো রিয়াল থেকে ১৭ আর ১৯ পয়েন্টে এগিয়ে থেকেই লিগ শেষ করেছিল কাতালানরা! চলতি মৌসুমে লিগ জিতলে বার্সেলোনার এই আধিপত্যে হানা দেয়াও হয়ে যায় রিয়ালের।
জিদানের ভাষ্য, ‘আমি সবসময়ই মনে করি লিগই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা প্রতি সপ্তাহান্তেই হয়ে থাকে। এটা জেতাই সবচেয়ে কঠিন বলে মনে করি। লিগে ভালোভাবে শুরু করার সর্বোচ্চ চেষ্টাটা করব আমরা। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’ এ উদ্দেশ্যে চলতি দলবদলে বড় অঙ্ক খরচ করে ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, লুকা জোভিচকে কিনেছে রিয়াল।
তবে শিরোপাধারী বার্সেলোনা রিয়ালের শিরোপা পুনরুদ্ধারকে সহজ হতে দেবে না মোটেও। লিগ ধরে রেখে ইউরোপীয় পরিসরেও আধিপত্য বিস্তারের লক্ষ্যে ফরোয়ার্ড আন্তনিও গ্রিজমান, মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে দলে এনেছে তারা। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে নিজেদের উদ্বোধনী ম্যাচে অবশ্য অধিনায়ক লিওনেল মেসিকে পাচ্ছে না দলটি।
এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে বড় খরচ করেছে। শিরোপার দৌড়ের প্রধান তিন দল সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চলতি মৌসুমে শিরোপার কঠিন লড়াইয়েরই দেখা মিলবে স্প্যানিশ লিগে।
