প্রচণ্ড গরমে পানি সংকটের হুমকিতে জার্মানি

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:০৪

কয়েক বছর ধরে গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে জার্মানির বেশ কিছু অঞ্চলে। চলতি বছরের জুলাই মাসে দেশটির কয়েকটি রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে। সে সময় নর্থ রাইন ওয়েস্টফেলিয়া কর্তৃপক্ষের তৈরি করা একটি অ্যাপে দেখা গেছে, ঐ রাজ্যে খাবার পানির যথেষ্ট মজুত নেই। একই ঘটনা ঘটেছে লোয়ার স্যাক্সনিতেও। Lei ডয়চে ভেলের

লোয়ার স্যাক্সনি রাজ্যের পরিবেশবাদী সংগঠন লুটস নয়েবাউয়ার বলছে, জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোয় প্রতি বছর পানির স্তর ১.৫ থেকে ২ সেন্টিমিটার করে নেমে যাচ্ছে। আর তাতেই ঐ এলাকায় ধীরে ধীরে খাবার পানির সংকট তৈরির আশঙ্কা জাগছে। বিশেষজ্ঞরা বলছেন, যথেষ্ট বৃষ্টি না হওয়ায় এ সংকট আরো বাড়ছে। তীব্র গরমে পানির চাহিদা বেড়ে গেছে। মানুষের প্রয়োজনে ও গাছপালায় দিতে বেশি পানি লাগছে। গরমের কারণে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে অনেকেই তাদের সুইমিং পুলের পানি বার বার পরিবর্তন করেছেন। সুইমিং পুলে বিশুদ্ধ পানি ব্যবহারের কারণে ঐ রাজ্যে বেশ কয়েকজনকে জরিমানাও করেছে কর্তৃপক্ষ।

বাড়ছে কৃষিকাজে পানির ব্যবহার : কয়েক বছর ধরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায়  কৃষকরাও তাদের জমিতে পাইপে সরবরাহ করা বিশুদ্ধ পানির ব্যবহার বাড়িয়ে দিয়েছে। জার্মানির পরিবেশ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইউবিএ-এর বিশেষজ্ঞ ইয়র্গ রেচেনব্যার্গ বলেন, ‘পানির জন্য প্রতিযোগিতা তৈরি হয়েছে। আর তাই আমাদের ভাবতে হবে কীভাবে এ পানির সংকট মেটানো যায়।’ গ্রীষ্মকালীন উষ্ণ তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের কারণে কৃষকরা ভূগর্ভের পানি ব্যবহার বাড়িয়েছেন। কৃষিকাজে পানির সংকট বাড়ার উদাহরণ দিতে গিয়ে লুটস নয়েবাউয়ার নামের সংগঠনটি জানায়, সাম্প্রতিক সময়ে লোয়ার স্যাক্সনি রাজ্যের অনেক কৃষক কর্তৃপক্ষের কাছে ভূগর্ভের পানি ব্যবহারের অনুমতি চাইছেন।

বৃষ্টির পানি ব্যবহারের পরিকল্পনা : লোয়ার স্যাক্সনির লোহনে শহরের মেয়র টবিয়াস গের্ডেসমেয়ার বলেন, কৃষকরা ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির ব্যবহারের দিকে ঝুঁকছেন। এমনকি খামারিরাও পানির সংকট মোকাবিলায় ভূগর্ভের পানি ব্যবহার করার কথা ভাবছেন।