ভারত শাসিত কাশ্মীরের একজন সুপরিচিত রাজনীতিবিদকে, যিনি আগে কূটনীতিক ছিলেন, দিল্লিতে গ্রেফতার করে কাশ্মীরে পাঠানো হয়েছে। শাহ ফয়সালকে বুধবার দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। সেসময় তিনি একটি বিমানে উঠতে যাচ্ছিলেন।
কাশ্মীর অঞ্চলে আটক অবস্থায় রয়েছে শত শত নেতা, ঐ তালিকায় যুক্ত হলেন শাহ ফয়সালও। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণার আগেই এসব নেতাদের অধিকাংশকে গ্রেফতার করা হয়। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে বিতর্কিত ঐ অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করতে হয়েছে তাদের। হাজারো কাশ্মীরির বিক্ষোভের ওপর পুলিশের ছররা গুলি, শুরুতে ভারত দাবি করেছিল এই বিক্ষোভটি হয়নি।
ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত খবরে বলা হয়, বুধবার দিল্লি থেকে তুরস্কে যাওয়ার উদ্দেশ্যে একটি বিমানে ওঠার সময় গ্রেফতার হন শাহ ফয়সাল। তবে স্থানীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে তাকেও গৃহবন্দি করা হয়েছে। কিন্তু বিবিসি এই তথ্য যাচাই করতে সক্ষম হয়নি।
মঙ্গলবার বিবিসি’র হার্ডটক অনুষ্ঠানের সাথে কথা বলার সময় ফয়সাল গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি লজ্জিত যে, এমন একটা সময় আমি বাইরে রয়েছি যখন কাশ্মীরের সব নেতাই আটক রয়েছেন।” ঐ অনুষ্ঠানে ফয়সাল বলেছিলেন যে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে মোদি ‘প্রকাশ্য দিবালোকে সংবিধানকে হত্যা করেছেন।’ তবে ভারত সরকার বলছে তারা সাংবিধানিক নিয়ম অনুসরণ করেই সব পদক্ষেপ নিয়েছে ।
