বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বিশিষ্ট প্রকৃতিপ্রেমীর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, সিতেশ রঞ্জন দেবের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা পর্যন্ত তার বাসভবনে রাখা হয়। পরে বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁওয়ে তার পৈতৃক বাড়ির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াণকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিতেশ রঞ্জন দেব দীর্ঘ কয়েক দশক ধরে আহত ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে গেছেন। মূলত তার একক প্রচেষ্টায় গড়ে ওঠা ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ দেশের পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করার ক্ষেত্রে তিনি ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের এক নির্ভরতার প্রতীক।
শ্রীমঙ্গলের এই বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুতে স্থানীয় প্রশাসন, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা এবং মানবিক কর্মকাণ্ড তাকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ অঙ্গনে তার প্রয়াণকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

