খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা উদ্বেগজনক। জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এ ধরনের প্রকাশ্যে গুলিবর্ষণ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি।
নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টায় এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ ৫/৬ জন সাংবাদিক গল্প করছিলেন।
এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান। তবে গুলির ছররাতে সাংবাদিক আওয়াল আহত হন।

