বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অজিত কুমার পাল বলেছেন, দেশের চিনিশিল্প আর ধ্বংস হবে না। এখনও যদি সবাই মিলে কাজ শুরু করি তাহলে লাভজনক হতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন বছর। বেশ কিছু স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। দেশের চিনিশিল্পকে বহুমুখীকরণ করা হবে। আখ কিনেই চাষীদের মূল্য পরিশোধ করা হবে।
বৃহস্পতিবার রাতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে আখ চাষীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিনিশিল্পের ক্ষতির কারণ হিসেবে অব্যবস্থাপনা, অসহযোগিতা আর অবহেলাকে দায়ি করে তিনি আরও বলেন, এ শিল্পে অনেক মেধাবী সন্তান রয়েছেন, যারা ঘোলা পানিতে এসে নিজেরাও পানি ঘোলা করেছেন। পানি পরিষ্কার করার কথা ভাবেননি। সময় মত সার, কীট নাশক ও উন্নত আখের বীজ সরবরাহসহ আখের ফলন বাড়াতে যা যা করা দরকার তা করা হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি, পুলিশসহ আহত ২২
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. মোশাররফ হোসেন, বিএসএফআইসির প্রধান রসায়নবিদ হামিদুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখের আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার সরকার, সিবিএ সভাপতি গোলাম কাওসার, তফির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রমুখ।
ইত্তেফাক/অনি

