ধর্ষণ চেষ্টা, অভিযুক্তের হাত কামড়ে বাঁচলেন কিশোরী

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০০:৫৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। রীতিমতো যুদ্ধ করে সাহসিকতার সাথে অভিযুক্তের হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করেছে ওই ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

১০ জুলাই রাতে উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া (রথেরবাজার) এলাকায় ঘটনাটি ঘটে। পরে মামলা হয় ১৩ জুলাই। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানাজানি হয়।

এ ঘটনায় অভিযুক্ত আসামির নাম আশরাফ প্রধান (৪২)। তিনি একই এলাকার আবজার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জুলাই) রাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনের টয়লেটে যাওয়ার সময় অভিযুক্ত আশরাফ প্রধান তার মুখ চেপে ধরে বাগানে নিয়ে যায়; সেখানে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী নিজেকে সামলে অভিযুক্তকে লাথি দিলে সে ক্ষিপ্ত হয়ে কিশোরীর গলা চেপে ধরে। একপর্যায়ে কিশোরী তার হাতে কামড় দিলে কিশোরীকে ছেড়ে দেয় আশরাফ। সুযোগ পেয়ে কিশোরী দৌঁড়ে নিজেকে রক্ষা করেন। তবে, কিশোরী দৌঁড় দিলে তার ওড়না ধরে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযুক্ত আশরাফ। পরে কিশোরী বাড়ি এসে ঘটনাটি তার নানীকে জানায়, ততক্ষণে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনার পর থেকেই স্থানীয় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গত সোমবার (১৩ জুলাই) রাতে ভুক্তভোগীর মামি বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী কিশোরীর মামি ও মামলার বাদি রুলি বেগম জানান, আমরা অসহায় মেয়েটাকে নানীর কাছে বাড়িতে রেখে ঢাকায় গার্মেন্টেসে কাজ করি। কিন্তু মেয়েটার সর্বনাশ করার চেষ্টা করে লম্পট আশরাফ। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে কয়েকজন বিচারের নামে প্রহসন শুরু করে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, আসামিকে দ্রুত গ্রেপ্তার করে এর সর্বোচ্চ শাস্তি চাই।

ভুক্তভোগী কিশোরী বলেন, আমার বাবা-মা নেই, আমি অসহায়। কেন আমার সাথেই এমন করা হলো? আমি এর কঠিন বিচার চাই।

এই কিশোরী শঙ্কা প্রকাশ করে আরও বলেন, এ ঘটনার বিচার না হলে আমাকে মেরেও ফেলতে পারে। আমি এর বিচার চাই।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে ভিকটিম। ওই ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে, আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।

ইত্তেফাক/এমএস