নোয়াখালীতে ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৫:০০

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ ও বিপ্লব। তারা দুজনই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার করিমপুরস্থ রূপসা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় আসামিদের ব্যবহৃত একটি কালো রঙের জিপ গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে রাখা ছিলো।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনজানায়, আটক আসামি মো. পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নিয়ন্ত্রণে বেগমগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এমএসআর