ত্রিশালে ডাকাতের অস্ত্রের আঘাতে বাজারের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বৈলর মোড় বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে নৈশপ্রহরী লাল মিয়া, তারা ও জসিম ডাকাতদের বাধা দেন। পরে ডাকাতরা লাল মিয়া ও তারা মিয়াকে অস্ত্র দিয়ে মাথা ও মুখে আঘাত করে। সকালে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লাল মিয়ার মৃত্যু হয়। তারা মিয়ার অবস্থা অবনতি হলে চিকিত্সকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অপরদিকে জসিমকে ডাকাতদল তুলে নিয়ে নুরুর দোকান নামক স্থানে ফেলে রেখে চলে যায়। ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
