নেশার টাকার জন্য বাবা-মাকে মারপিট করায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চুপিনগর গ্রামের হাজী আব্দুল খালেকের ছেলে মো. বাক্কারকে দেড় বছরের বিনাশ্রম করাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, নেশার টাকার জন্য বাক্কার প্রায়ই তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের মারধর করতো। বুধবার বাবা-মা এবং বড়ো ভাইকে মারধর করা শুরু করলে বাক্কারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বাক্কার তার দোষ স্বীকার করায় তাকে উল্লেখিত দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
