উগান্ডায় একটি শিক্ষাসফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই স্কুলশিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে উগান্ডা পুলিশ।
নিহত শিক্ষার্থীরা রাজধানী কাম্পালার ‘কিং ডেভিড জুনিয়র স্কুল’-এর শিক্ষার্থী ছিল। কাপচোরওয়া জেলার সিপি ফলস এলাকায় শিক্ষাসফর শেষে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক প্রাণ হারান। এ ঘটনায় আরও কয়েকজন কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়েছেন, যাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটির দুমড়েমুচড়ে যাওয়া ছবি প্রকাশ করেছে, যা দেশটির ভঙ্গুর সড়ক নিরাপত্তার ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, ত্রুটিপূর্ণ যানবাহন এবং বেপরোয়া গতির কারণে প্রায়ই প্রাণঘাতী বাস ও ট্রাক দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। গত বছরের অক্টোবরে একটি প্রধান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালের সরকারি প্রতিবেদন অনুযায়ী, সেই বছর উগান্ডায় প্রায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

