বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ২১:৫২

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার (বিএমকেএস) বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে। 

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ ও ধারা ১৪(৩)-এর ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, আয়েশা সিদ্দিকা মানি, অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার সাবরিনা সুলতানা এবং ক্রীড়া সংগঠক সৈয়দা তাসলিমা আক্তার। কোষাধ্যক্ষ করা হয়েছে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শক্তি রানী মণ্ডলকে।

এছাড়া কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জুডোকা কামরুন নাহার হিরু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় জিমন্যাস্ট পারভীন লায়লা লুসিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদরা।

নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নারী ক্রীড়ার উন্নয়নে দৃশ্যমান, ইতিবাচক ও সুদূরপ্রসারী পরিবর্তন আনতে নতুন অ্যাডহক কমিটি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

ইত্তেফাক/এসজে