প্রাপ্য বিদায় দিতে পারিনি, ব্যর্থ হয়েছি

ইংল্যান্ডের কাছে হেরে আবেগঘন বার্তায় কোচের কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৩:০৬

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি তার শিষ্যরা। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে দেশমের ১৪ বছরের কোচিং অধ্যায়ের ইতি টেনেছে ফ্রান্স। আর এমন বিদায়ে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এমবাপ্পে স্বীকার করেন, কিংবদন্তি এই কোচকে তার প্রাপ্য বিদায় উপহার দিতে ব্যর্থ হয়েছেন তারা।

পোস্টে এমবাপ্পে লেখেন, "আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে দাঁড়ালেন। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আমরা আপনাকে প্রাপ্য বিদায় দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।"

দেশমের ১৪ বছরের অবদান ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে ফরাসি অধিনায়ক বলেন, এই কোচই জাতীয় দলকে পুনর্জাগরণের পথে ফিরিয়ে এনেছেন। তার ভাষায়, মানুষ হয়তো সবসময় দেশমের মহত্ত্ব উপলব্ধি করতে পারেনি, তবে সময় ও ইতিহাস তার অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে।

এমবাপ্পে আরও লেখেন, "এত বছর দেশের জার্সি পরে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির পাশে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। একসঙ্গে কাটানো সময় ও অর্জনের স্মৃতিগুলোই আমার কাছে সবচেয়ে মূল্যবান।"

দেশমের নতুন অধ্যায়ের জন্য শুভকামনাও জানান ফরাসি অধিনায়ক। তিনি বলেন, "আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা। এই জার্সির জন্য আপনার প্রতিটি অবদানের জন্য আবারও ধন্যবাদ।"

২০১২ সালে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নেন দিদিয়ের দেশম। তার অধীনেই ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপা জেতা হয়নি। আর ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে চতুর্থ স্থানেই শেষ হয় ফরাসিদের অভিযান। সেই ম্যাচ দিয়েই শেষ হয় ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশমের দীর্ঘ ও সফল অধ্যায়।

ইত্তেফাক/এসএ