ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হলো না মেহেদী হাসান প্রান্তের (২১)। মিরসরাইয়ে ঝরনার পানিতে ডুবে মারা গেলেন তিনি। বৃহস্পতিবার সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়ো কমলদহ এলাকার রূপসী ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান নাটোর জেলার নাটোর উপজেলার জালালাবাদ গ্রামের মো. নুরুল আমিনের ছেলে। তারা চট্টগ্রাম শহরের কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকায় থাকতেন। প্রান্ত চট্টগ্রাম শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
মেহেদী হাসানের বন্ধু শাহরিয়ার ইসলাম বলেন, রূপসী ঝরনা দেখার জন্য আমরা বৃহস্পতিবার সকালে ছয় বন্ধু চট্টগ্রাম শহর থেকে আসি। এক পর্যায়ে মেহেদীসহ তিন জন ওপর থেকে ঝরনার পানিতে লাফ দেয়। এসময় দুই জন উঠে গেলেও মেহেদী উঠতে পারেনি। সে পানিতে ডুবে যায়। আমরা অনেক চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারিনি।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইয়াছিন আরাফাত বলেন, রূপসী ঝরনায় পর্যটক ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়। মেহেদীর লাশ সুরতহাল শেষে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
