চাচাতো বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ, ডুবে প্রাণ গেলো দুই শিশুর

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৫:৪৮

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরে ডুবে রাফিয়া (৩) ও রাইসা (২) নামে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এক শিশুকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর শিশুটিও পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে পরিবার।

স্বজনদের ভাষ্য, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রাফিয়া ও রাইসা। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে রাফিয়া পানিতে নামলে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত রাফিয়া মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাইসা আলিনুরের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে মৌশা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

 

ইত্তেফাক/এমএএম