চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলার ২৯২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, "জেলা পরিষদ সবসময় শিক্ষাবান্ধব কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে আসছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ এবং জেলা শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া ও বিপ্লব হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন টোকন আলী।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে মোট ২৯২ জন শিক্ষার্থীকে ১৮ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০৪ জনকে জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৮ হাজার টাকা, প্রকৌশল বিভাগের ১৬ জনকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকা এবং মেডিকেল ও ডেন্টাল বিভাগের ২২ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তির জন্য মোট ৮০৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ২৯২ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

