বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৮:২৬

ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় বাবা, মেয়ে ও ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতরা হচ্ছেন রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার শাহানা (৩৫), কলেজ পড়ুয়া ছেলে নাবিল ইসলাম (১৮), মেয়ে রওনক জাহান (১৩) ও শ্যালক আশরাফুল ইসলাম।

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বাস ও প্রাইভেটকার   ময়মনসিংহের দিকে যাচ্ছিল। উপজেলার রামগোপালপুর এলাকায় পৌঁছালে বাসটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১ জন ও হাসাপাতালে ৩ জন মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, আহতাবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

ইত্তেফাক/আরকেজি