কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর কামারপাড়া এলাকায় শুক্রবার নিজ বাড়ির পেছনের কৃষি জমি থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদুল আযহার তৃতীয় দিন থেকে সুলতান নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা যায়, বুধবার (১৪ আগস্ট) সুলতান আলী নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার সকালে বাড়ির পেছনে বৃষ্টির পানি জমে থাকা একটি কৃষি জমিতে সুলতানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ প্রায় গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সুলতানের স্ত্রী শিউলি বেগম জানান, সুলতান দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই তিনি অসুস্থ হলে অনেকটা মানসিক রোগীর মত আচরণ করতেন এবং বাড়ির লোকজনের ওপর চড়াও হতেন।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, মরদেহটি দুই/তিন দিন আগের এবং প্রায় গলিত। আগে তাকে হত্যা করে হয়তো লাশ জমিতে ফেলে রাখা হতে পারে। আমরা সকল দিক বিবেচনা করে তদন্ত করছি। অনুসন্ধানে সুলতানের স্ত্রী ও পুত্রসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/অনি
