ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শুক্রবার বান্দরবান জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, 'ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে। আজ একটি দিন আমরা শুধু সড়ক পরিষ্কার করছি এটা যথাযথ নয় ,আমাদের সবাইকে সব সময় নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।'
তিনি আরও বলেন, 'শুধু ছবি আর র্যালী করে দায়িত্ব পালন করলে কিছুই হবে না। আমাদের প্রকৃতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।'
এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।
আরও পড়ুন: নিখোঁজ ব্যক্তির লাশ মিলল জমিতে
পরিষ্কার-পরিচ্ছন্নতা এই অভিযান বান্দরবানের বটতলা মোড় থেকে শুরু হয়ে পুরো ৫নং ওয়ার্ড প্রদক্ষিণ করে। তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। পরে সড়কের পাশের ব্যবসায়ীদেরকে সচেতনতামুলক দিক নির্দেশনা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার এই অভিযানে পুলিশের সদস্য ছাড়া ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং বান্দরবান ফুটবল একাডেমির খেলোয়াড়রা অংশ নেয়।
ইত্তেফাক/জেডএইচডি
