শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় বিআরটিএর সচেতনতামূলক প্রচার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৩:৪৯

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের উদ্যোগে সড়ক নিরাপত্তাবিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী সদর উপজেলার গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ৫৩ জন শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

বিআরটিএ সূত্র জানায়, সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় নোয়াখালী জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্তের আলোকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে সড়ক পারাপার, গণপরিবহনে নিরাপদ আচরণসহ সড়ক নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

ইত্তেফাক/এএইচপি