পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি: আতিফ আসলাম

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৯:৫১

কনসার্ট করতে ফের ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) রাতে ঢাকায় পৌঁছান এই শিল্পী। বৃহস্পতিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

বাংলাদেশের খাবারের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে জবাবে তিনি জানান, বাংলাদেশের খাবারের মধ্যে তার প্রিয় খাবার ‘খিচুড়ি‘। তিনি বলেন, ‘আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না। আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই আমাকে মানুষ জিজ্ঞেস করে, চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা? আমি সোজা বলে দেই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।’ 

বহু বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অংশ নেন আতিফ। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে আতিফ বলেন, ‘রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। তো, প্রসংক্রমে তিনি গান ধরেন “ও লাল মেরি”, খুবই জনপ্রিয় গান। অবশ্যই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে।’

বাংলাদেশে তার কোনো আত্মীয় আছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই টুকটাক পরিচয়। এর বেশি কিছু নেই।’

শুক্রবার (২৪ জুলাই) বিকালে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে হবে আতিফ আসলামের কনসার্ট। এতে তিনি ছাড়াও বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ গান করবে।

ইত্তেফাক/এমএস