নয়ন বন্ডের বাসায় চুরি!

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৮:২১

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙে বাসায় প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষাধিক নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে দাবি করছেন নয়নের মা সাহিদা বেগম। তিনি  শুক্রবার দুপুরে এ ব্যাপারে বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাহিদা বেগম জানান, বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার বুড়িরখাল গ্রামে বাবার বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার সকালে ভাড়াটিয়ারা সাহিদা বেগমের ঘরের তালা ভাঙা দেখে তাকে খবর দেন। খবর পেয়ে এসে আসবাবপত্র এলোমেলো দেখেন এবং বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাননি।

পুলিশের কাছে দেওয়া বিবরণে সাহিদা বেগম জানান, নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে। 

নয়ন বন্ডের বাসার পাশেই অপর একটি ঘরে তাদের ভাড়াটিয়া আনোয়ার হোসেন জানান, সকালে তিনি বাসা থেকে বের হয়ে নয়নের বাসার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। 

আরও পড়ুন: রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষতা বিকাশে জরুরী বিনিয়োগের আহ্বান ইউনিসেফের

এ ব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, নয়নের মা চুরির খবরটি লিখিতভাবে জানিয়েছেন। বাসায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেব। 

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলছেন, ঘটনাটি সাজানো নাটক হতে পারে।

ইত্তেফাক/অনি