পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে যখন দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ তুঙ্গে, ঠিক তখনই প্রশ্নফাঁস রোধে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর নির্মিত ইনস্টাগ্রাম ভিডিওতে ইতিবাচক সাড়া এবং গঠনমূলক পরামর্শ দেওয়ায় তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সাথে সংযোগ স্থাপনের একটি সুযোগ পেয়েছিলাম। আমার ভিডিওতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং যেসব মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন—তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার প্রতি আপনাদের ভালোবাসা অটুট থাকবে এবং আমাদের মধ্যকার এই সম্পর্ক আরও দৃঢ় হবে।"
বৃহস্পতিবার রাতে পোস্ট করা ওই ইনস্টাগ্রাম ভিডিওতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন: "বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সে কারণেই বিগত আড়াই মাসে আমরা একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছি। অপরাধীদের গ্রেফতার করে ইতোমধ্যে জেলে পাঠানো হয়েছে। তবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল শিক্ষার্থীদের যেন একটি বছরও নষ্ট না হয়, তা নিশ্চিত করা। তাই দ্রুততম সময়ে পুনরায় পরীক্ষা নেওয়াটা খুব জরুরি ছিল।"
তিনি আরও জানান, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য 'ফাস্ট-ট্র্যাক কোর্ট' বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে একটি প্রস্তাব তাঁর কাছে এসেছে।
নরেন্দ্র মোদী আরও বলেন, "আমি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলাম। দপ্তরগুলো গুরুত্বের সাথে কাজ করে গভীর রাতে প্রস্তাব পেশ করেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং সংসদ অধিবেশনের আগামী সপ্তাহেই বিলটি পাসের চেষ্টা চালানো হবে।"
যন্তর মন্তরে বিক্ষোভ ও সরকারের পদক্ষেপ
ককরোচ জনতা পার্টির (CJP) ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনে সম্প্রতি পুলিশি হস্তক্ষেপের পর কেন্দ্র সরকার বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ৪৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
তবে এসব পদক্ষেপে আন্দোলনকারীরা পুরোপুরি সন্তুষ্ট নন। তারা এখনও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবিতে অটল রয়েছেন। শুক্রবার সিজেপি (CJP) প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করে একটি দাবি সনদ পেশ করেন, যার মধ্যে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিও রয়েছে।
তবে সরকারি সূত্রের খবর অনুযায়ী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ওপর ক্ষমতাসীন বিজেপির পূর্ণ আস্থা রয়েছে এবং তাকে পদ থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই।

