তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ, কর্মসংস্থান-উপযোগী এবং ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে এসআইসিআইপি–বিজিএমইএ এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন বিজিএমইএর পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ। বিশেষ অতিথি ছিলেন এসআইসিআইপি–বিজিএমইএ কর্মসূচির প্রধান সমন্বয়কারী মুনির চৌধুরী।
কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) প্রধানেরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ফুলি সান চায়না লিমিটেড (পিজিএস পেপকো গ্লোবাল সোর্সিং), ইউটাহ গ্রুপ, সেন্ট্রো টেক্স, স্নোটেক্স গ্রুপ, মন্ডল গ্রুপ, যমুনা ডেনিমস লিমিটেড, অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড, নর্দার্ন তোসরিফা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, ডিজাইনটেক্স লিমিটেড, গুড আর্থ অ্যাপারেলস লিমিটেড, পাকিজা নিট গ্রুপ, প্রিটি গ্রুপ, আগামী অ্যাপারেলস লিমিটেড (ডেকো লেগেসি গ্রুপ), আকিজ রিসোর্সেস, সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড, মোহাম্মদী গ্রুপ, টেক্সটাইল হাবস, টেক্সটাউন গ্রুপ এবং এস.এফ. ডেনিম অ্যাপারেলস লিমিটেড।
কর্মশালায় শিল্পের বাস্তব দক্ষতা-চাহিদা, প্রশিক্ষণ ব্যবস্থার কার্যকারিতা, নিয়োগের বর্তমান প্রবণতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের দ্রুত কর্মসংস্থানে যুক্ত করার কৌশল নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী এইচআর প্রধানেরা তাঁদের প্রতিষ্ঠানের নিয়োগ–অভিজ্ঞতা, প্রয়োজনীয় দক্ষতার পরিবর্তন, প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশে জনবল উন্নয়ন এবং শিল্পের প্রত্যাশা নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা গেলে দক্ষ জনবল তৈরির প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ লক্ষ্যেই কর্মশালাটি অভিজ্ঞতা বিনিময়, অংশীদারত্ব বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআইসিআইপি–বিজিএমইএ কর্মসূচির কো-অর্ডিনেটর (জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেস) মো. আশফাকুর রহমান ও সাইদা আফরিন। সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ মোহাম্মদ নাজমুল আলম পলাশ এবং মো. সাইয়েদুল কবির।

