চমক দিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৮:৪৫

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (২৬ জুলাই) আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দল ঘোষণায় বেশ চমক দেখিয়েছে নির্বাচকরা। প্রথম টেস্টের দলে যথারীতি নেই নাহিদ রানা, লিটন দাসরা। তবে দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।

নাহিদ রানা না থাকায় পেস আক্রমণে দলকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গী হবেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসান। অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরটি ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান, তাসকিন আহমেদ।

 

 
ইত্তেফাক/জেডএইচ