ফিলিস্তিনের পশ্চিমতীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলের ‘রেড লাইন’ অতিক্রম বলে বিবেচিত হবে: আরব আমিরাত

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৩:৩৫

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের করা সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি সতর্ক করে বলেছে, পশ্চিমতীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলের ‘রেড লাইন’ অতিক্রম বলে বিবেচিত হবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। 

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের শামিল। এসব এখনই বন্ধ হওয়া উচিত।

তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করে আমিরাত জানিয়েছে, এ ধরনের হামলার পূর্ণ দায় ইসরাইলি সরকারের। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলি দখলদার কর্তৃক ফিলিস্তিনের মসজিদে ভাঙচুর ও আগুন। ছবি: সংগৃহীত

আমিরাত সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচনা করা হবে—যা ঘৃণা, বর্ণবাদ ও অঞ্চলের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনাকে স্বাধীন রাষ্ট্রের আশা-আকাঙ্ক্ষার জন্য ‘সরাসরি হুমকি’ বলে আখ্যা দিয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ইসরাইল।

 
ইত্তেফাক/ডিডি