মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে পৃথক স্থানে নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এবং পৌরসভার কুমারজানি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাসাইল উপজেলার বালিয়া ভৈরপাড়া গ্রামের মামার বাড়ি বেড়াতে যায় পাইকপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে স্মরন হোসেন(১৪)। পাশেই ঝিনাই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় স্মরন। অপরদিকে কুমারজানি উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রাজিব হোসেন(১৭) ঈদের পরেরদিন বন্ধুদের সঙ্গে নৌকাযোগে পিকনিকে রাজধানী ঢাকার মিরপুরে যাওয়ার পথে নৌকা থেকে টঙ্গি এলাকায় তুরাগ নদীতে পড়ে তলিয়ে যায়। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
