আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে অনেকটা ব্যাক-আপ টিম নিয়েই যেতে হচ্ছে বাংলাদেশকে। কেননা, চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন দলের তিন তারকা নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলাম।
তিন তারকা ক্রিকেটার ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৫ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। এ ছাড়া ২৮ মাস পর ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। তবে এই সিরিজের দল প্রস্তুত করতে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সোমবার (২৭ জুলাই) মিরপুরে সংবাদ সম্মেলনে বাশার বলেন, 'চোটের কারণে যে অবস্থা হয়েছে, এটা খুবই চ্যালেঞ্জিং। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। কেউ দুটো টেস্ট না পারুক একটা টেস্ট যদি পারে, মেইন প্লেয়ার যারা। সেটার জন্য অপেক্ষা করেছি।'
তিনি আরও বলেন, 'আমরা দল দিতে চেয়েছিলাম সপ্তাহখানেক আগে। যে তিনটা ফরম্যাটের দল করি, টেস্টেই সবচেয়ে স্যাটেল টিম। গত কয়েক সিরিজ ধরে ভালোই করছে। এই সিরিজ নিয়ে সবাই এক্সাইটেড ছিলাম। অস্ট্রেলিয়া যে দল, ওদের মাটিতে অনেক শক্তিশালী দল। ওদের বিপক্ষে খেলতে যেমন প্রস্তুতি বা যে ধরনের দল দরকার, তেমন অবস্থায়ই ছিলাম।'

