‘আজ কেন মন উদাসী’ গানে শিক্ষিকার রিলস, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৫:০১

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিক্ষিকা বিউটি রাণী পালের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত রিলস ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা ওই ভিডিও সরকারি কর্মচারীদের আচরণবিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছে কি না সেটি যাচাই করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন।

এ বিষয়ে রোববার (২৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, তিনি ভিডিওটি দেখেননি। তবে গান গাওয়াকে তিনি অন্যায় মনে করেন না। 

জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল বৃহস্পতিবার ফেসবুকে একটি রিল পোস্ট করার পর ঘটনার সূত্রপাত। ওই দিন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট 'শ্রাবণের মেঘগুলো' গানের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি শাড়ি পরে স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছেন। এরপর ওই ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু করে একটি গোষ্ঠী।

তবে এই পরিস্থিতিতে বিউটি পালের পাশে দাঁড়ান তার সহকর্মীসহ দেশের বিভিন্ন প্রান্তের নানা পেশার মানুষজন। তার সঙ্গে সংহতি জানিয়ে ফেসবুকে গানের সঙ্গে নিজেদের ভিডিও আপ করছেন তারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা বা সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় শিক্ষা প্রশাসন।

বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা বিউটি পালের ওই ভিডিও সরকারি কর্মচারীদের আচরণবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় শিক্ষা প্রশাসন।

বিষয়টি অনুসন্ধানে একটি তদন্ত গঠন করা হবে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা।

সোহেল বলেন, এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে একটি তদন্ত কমিটি গঠনের আলোচনা হয়েছে। তদন্ত শেষে দেখা হবে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে সরকারি কর্মচারীদের আচরণবিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এক কর্মশালায় অতিথি হিসেবে গতকাল সিলেট সফরে যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। কর্মশালা শেষে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি ভিডিওটি দেখিনি। আমার সেশ্যাল মিডিয়াও নেই। তবে কয়েকজন আমাকে বলেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। এটিতে কোন অশ্লীলতা নেই।' 

প্রতিমন্ত্রী আরও বলেন, 'গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না। এটি কেউ মানুক বা না মানুক, আমি অন্তত তা মনে করি না।'

এদিকে আলোচিত ভিডিওটি স্কুল ছুটির পর তার এক সহকর্মী ধারণ করেছেন জানিয়ে বিউটি রানী পাল বলেন, আমরা মুখে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ, তাহলে আমরা কীভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেব?

 উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে মানুষের চিন্তাভাবনা আধুনিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিউটি বলেন, সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। তবে বিষয়টি নিয়ে এখন কিছু বলতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে।'

এসময় কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত। এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয় বলে উল্লেখ করেন তিনি। 

 

 

ইত্তেফাক/এনটিএম