সুনামগঞ্জে বিক্রি করে দেওয়া শিশু উদ্ধার, ৩ জন আটক

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:০২

সুনামগঞ্জের জামালগঞ্জ  উপজেলায় একটি শিশুকে চুরি করে বিক্রি করে দিয়েছিলো একটি চক্র। এ ঘটনার তিনদিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত জোবেদা খাতুন ও মাবেল মিয়া ও কবির হোসেন নামে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

গত ১৩ আগস্ট সন্ধ্যায়  জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অনুমিয়া ও ফাহমিদা দম্পতির সাড়ে তিন বছর বয়সের ছেলে সন্তান রাফসান মিয়াকে বাবা মায়ের অনুপস্থিতির সুযোগে ঘুমন্ত অবস্থায় চুরি করে নিয়ে যায়  জোবেদা খাতুন ও মাবেল মিয়া। পরদিন চুরি যাওয়া শিশুটিকে সদর উপজেলার সর্দারপুর গ্রামের একটি বাড়িতে স্ট্যাম্পে লিখিত দিয়ে রামনগর গ্রামের কবির হোসেনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে রামনগনর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবেল মিয়া ও জোবেদা খাতুন শিশুটিকে চুরি করে বিক্রি করার অভিযোগ স্বীকার করেছে।

চুরি যাওয়া শিশুটির বাবা মা জানান, বসত ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় তাদের ছেলেকে চুরি করে নিয়ে যায় লক্ষ্মীপুর গ্রামের মাবেল মিয়া ও জোবেদা খাতুন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ৩৫৪জন

পুলিশ সুপার মো.মিজানুর রহমান বলেন শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু