আইফোনের ফেসটাইম অ্যাপ ব্যবহার করে নতুন ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, সাইবার অপরাধীরা ভিডিও কলের মাধ্যমে নিজেদের ব্যাংকের কর্মকর্তা, প্রযুক্তিসহায়তাকর্মী, সরকারি সংস্থার প্রতিনিধি বা পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে ব্যবহারকারীদের আস্থা অর্জন করছে। পরে সেই সুযোগে ব্যক্তিগত তথ্য ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করছে।
অ্যাপলের তথ্যমতে, সাধারণ ফোনকলের তুলনায় ভিডিও কলে প্রতারণা তুলনামূলক সহজ। কারণ, ভিডিওতে মুখোমুখি কথা বলার সুযোগ থাকায় অনেক ব্যবহারকারী কলকারীর পরিচয় নিয়ে সন্দেহ করেন না। এই মানসিক প্রবণতাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা।
প্রতারণার শুরুতে সাধারণত একটি খুদে বার্তা পাঠানো হয়। সেখানে ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেনের দাবি করে বিষয়টি যাচাই বা সমাধানের জন্য ফেসটাইমে ভিডিও কলে যুক্ত হতে বলা হয়।
ভিডিও কলে যুক্ত হওয়ার পর প্রতারকেরা ব্যবহারকারীকে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ, অর্থ স্থানান্তর বা একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড (ওটিপি) দেওয়ার সময় স্ক্রিন শেয়ার করতে বা পর্দার ছবি পাঠাতে রাজি করায়। এতে পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য ও নিরাপত্তা কোড তাদের হাতে চলে যায়। পরে এসব তথ্য ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়।
এ ধরনের প্রতারণা এড়াতে সন্দেহজনক ফেসটাইম কল বা আমন্ত্রণসংক্রান্ত লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে অ্যাপল। পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানটির কাছে অভিযোগ জানানোর আহ্বানও জানানো হয়েছে।
অ্যাপল জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইমে যোগাযোগ করে পাসওয়ার্ড, ওটিপি বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চান না। এ ধরনের অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া প্রযুক্তিসহায়তার নামেও একই ধরনের প্রতারণা হচ্ছে বলে জানিয়েছে অ্যাপল। এ ক্ষেত্রে প্রথমে ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে আইফোন হ্যাক হয়েছে বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করেছে বলে দাবি করা হয়। পরে প্রযুক্তিসহায়তাকর্মী পরিচয়ে ভিডিও কলে যুক্ত হয়ে নজরদারি সফটওয়্যার ইনস্টল, নিরাপত্তা সেটিংস পরিবর্তন বা লগইন তথ্য দিতে প্ররোচিত করা হয়। এতে ব্যবহারকারীর অজান্তেই আইফোনে থাকা বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে আগে ধারণ করা ভিডিও, বিভিন্ন ফিল্টার বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছে। তাই ফেসটাইমে অপরিচিত ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার না করা এবং সন্দেহজনক ভিডিও কল পেলেই তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র: ডেইলি মেইল

