কাশ্মীরিদের অবস্থা এখন খাঁচাবন্দি প্রাণীর মতো

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:১৭

খোলা চিঠিতে মেহবুবা মুফতির মেয়ে

 

নিজ বাড়িতে বন্দি থাকা অবস্থায় দ্বিতীয়বারের মতো অডিও বার্তা প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ। মায়ের গ্রেফতারের পর অডিও বার্তা প্রকাশের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে তিনি বলেছেন, সংবাদমাধ্যমে আবারও কথা বললে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয়েছে তাকে। ঐ চিঠিতে তিনি লিখেছেন, কাশ্মীরিদের খাঁচার প্রাণীর মতো বন্দি রাখা হয়েছে আর বঞ্চিত করা হচ্ছে সব মৌলিক মানবাধিকার থেকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

 বৃহস্পতিবার অমিত শাহকে ইলতিজা জাভেদ লেখেন, ‘বাকি দেশ যখন ভারতের স্বাধীনতা দিবস উদ্যাপন করছে, তখন কাশ্মীরিরা খাঁচার প্রাণীর মতো বন্দি রয়েছে আর বঞ্চিত হচ্ছে মৌলিক মানবাধিকার থেকে’। ঐ চিঠিতে তিনি বলেন, ‘বাড়ির গেট থেকে দেখা করতে মানুষদের ফিরিয়ে দেওয়া হলেও আমাকে জানানো হচ্ছে না আর আমাকেও বাড়ির বাইরে পা রাখতে দেওয়া হচ্ছে না।’

চিঠিতে মেহবুবা মুফতির মেয়ে জানতে চান কেন তাকে বন্দি করে রাখা হয়েছে। তিনি দাবি করেন, নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানিয়েছেন সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দেওয়ায় তাকে আটক করা হয়েছে। পিউপিলম ডেমোক্রেটিক পার্টির নেতার মেয়ে লেখেন, ‘আবারও সংবাদমাধ্যমে কথা বললে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয়েছে আমাকে’।

অডিও বার্তার সঙ্গে প্রকাশ করা চিঠিতে ইলতিজা জাভেদ লেখেন, ‘বিশ্বের সর্ববৃহত্ গণতন্ত্রের দেশে অকল্পনীয় নিপীড়নের মুখে একজন নাগরিকের কথা বলার অধিকার নেই। এটা এক ভয়ংকর ট্রাজেডি যে, অস্বস্তিকর সত্য উচ্চারণ করায় আমার সঙ্গে যুদ্ধবন্দির মতো আচরণ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন আমি অপরাধী আর আমাকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হচ্ছে। যেসব কাশ্মীরি কথা বলেছে, তাদের পাশাপাশি আমি আমার নিজের জীবনের আশঙ্কা করছি।