রয়টার্স
জাকার্তা থেকে রাজধানী সরিয়ে বোর্নিও দ্বীপে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। স্বাধীনতা দিবসের একদিন আগে শুক্রবার দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট জোকো উয়িদোদো এ প্রস্তাব দেন।
মালয়েশিয়া ও ব্রুনাইয়ের সঙ্গে শেয়ার করা দ্বীপ বোর্নিওর ইন্দোনেশিয়া অংশ কালিমানতানে নতুন রাজধানী করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে নতুন রাজধানীর জন্য নির্দিষ্ট স্থানটির নাম প্রকাশ করেননি তিনি। পার্লামেন্টে দেওয়া ভাষণে উয়িদোদো বলেন, “আমাদের জাতীয় রাজধানী কালিমানতানে সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমি। রাজধানী শহর শুধু জাতীয় পরিচয়ের প্রতীকই নয়, এটি জাতীয় উন্নয়নেরও প্রতিনিধিত্ব করে। পাশাপাশি অর্থনৈতিক সাম্য ও ন্যায়বিচার উপলব্ধির জন্যও এটি করা দরকার।” এপ্রিলে অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উয়িদোদো, অক্টোবরে শপথ নেওয়ার মাধ্যমে দ্বিতীয় মেয়াদ শুরু করবেন তিনি। জনাকীর্ণ, দূষিত শহর জাকার্তা থেকে কয়লা খনি সমৃদ্ধ, বনাচ্ছাদিত, ওয়াংওটাং ও এক কোটি ৬০ লাখ লোক অধ্যুষিত বিশাল ভূখণ্ড কালিমানতানে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। সম্ভাব্য রাজধানীর স্থান জরিপের জন্য মে মাসে কালিমানতান ভ্রমণ করেছেন উয়িদোদো। গত মাসে টুইটারে দেওয়া এক সংক্ষিপ্ত তালিকায় কেন্দ্রীয়, পূর্ব ও দক্ষিণ কালিমানতান প্রদেশের নাম প্রকাশ করেছিলেন তিনি।
