অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। শুক্রবার (৩১ জুলাই) আসন্ন এই সিরিজ খেলতে দেশ ছাড়বে স্কোয়াডের একাংশ। তার আগে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুষ্ঠানিক সংবাদ সম্মলনে এই সিরিজ নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এ প্রসঙ্গে শান্ত বলেন, 'চোটের বিষয়টা কারোরই নিয়ন্ত্রণে নেই। যেকোনো সময় যে কারও চোট হতে পারে। যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে এই দলের ওপর পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো।'
তিনি আরও বলেন, 'কোন প্লেয়ার থাকলে ভালো হত, কোন প্লেয়ার থাকলে বেটার হত এগুলো বলা আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয়, কত ভালো ক্রিকেট খেলতে পারি দল নিয়ে, কতটা বিশ্বাস রাখতে পারি এটা বেশি জরুরি।'
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে শান্ত বললেন, 'কন্ডিশন আসলে এত দূর থেকে আইডিয়া করা কঠিন। শেষ কবে গিয়েছি আমার মনে নেই, ২৩ বছর আগে। কন্ডিশন সেখানে যাওয়ার পরেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। টেস্ট দল ব্যাটিংয়ের দিক থেকে অভিজ্ঞ। বোলিংটাও ভালো হচ্ছে। যদি কন্ডিশনেও মানিয়ে নিতে পারি আশা করি আমরা ভালো করতে পারবো।'
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরটি ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে।

