দিনাজপুরের বিরলে এবং গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
দিনাজপুর স্টাফ রিপোর্টার জানান, দিনাজপুরের বিরলে বজ্রপাতে আবু বক্কর (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কৃষকের ছোট ভাই মোতালেব হোসেন (২৮) আহত হয়েছেন।
নিহত আবু বক্কর বেণীপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। শুক্রবার দুপুরে বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বেণীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে জমিতে এক সঙ্গে আমন ধানের চারা তোলার কাজ করছিল দুই ভাই। এ সময় বজ্রপাতে আবু বক্কর ঘটনাস্থলে নিহত হন। আহত হন ছোট ভাই মোতালেব হোসেন। তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নীল আর সবুজের হাতছানিতে তৃষ্ণা মেটাচ্ছে হাজারও পর্যটক
অপরদিকে আমাদের সাঘাটা সংবাদদাতা জানান, গাইবান্ধার সাঘাটায় শুক্রবার দুপুরে বজ্রপাতে সাহাদত হোসেন (১৩) নামে এক মাদারাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের সাবু মিয়ার ছেলে ও বগারভিটা হাফেজিয়া মাদরাসার ছাত্র।
জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ জানান, প্রতিবেশীদের সঙ্গে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে সাহাদত অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/অনি
