ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি।
হ্যামস্ট্রিং ও পেশির চোটে পড়ে গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না হ্যাজেলউড। গত এপ্রিল-মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দ্বারপ্রান্তে হ্যাজেলউড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে গত কয়েক সপ্তাহ ধরে ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।
নিজের প্রস্তুতি নিয়ে হ্যাজেলউড বলেন, ‘দীর্ঘদিন পর এমন প্রস্তুতির সুযোগ পেয়েছি। অনেক সময় ধরে বোলিং সেশন করেছি। টানা দুদিন বোলিং সেশন রাখা হচ্ছে। বোলিংয়ের পাশাপাশি অন্যান্য কাজও হচ্ছে। টেস্ট ম্যাচের আবহ তৈরি করে প্রস্তুতি নিয়েছি। আগামী সপ্তাহেও এমন টানা বোলিং সেশন থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করছি। এখন আমার প্রধান লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলা। ঐ টেস্টের জন্যই নিজেকে প্রস্তুত করছি। আশা করি, ভালো ফল পাবো।’
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকায়, একাদশে সুযোগ পাওয়া সহজ হবে না হ্যাজেলউডের। এটি নিজেও জানেন তিনি। একাদশে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে হলে দলের অন্যান্য পেসারদের সঙ্গে লড়াই করতে হবে তাকে।

হ্যাজেলউড বলেন, ‘আগামী এক-দেড় বছর আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আশা করি, আমরা একসঙ্গে ক্রিকেট খেলতে পারবো। শুধু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা স্কট বোল্যান্ডই নয়, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও দলের সঙ্গে আছে। আমরা মনে হয়, ভবিষ্যতের সিরিজগুলোতে এই ছয়জনকে কোন না কোন সময় দরকার হবে।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তৃতীয় পেসার হিসেবে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে বোল্যান্ড। তবে বোল্যান্ডকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সবার সঙ্গেই একত্রে ম্যাচ খেলার কথা জানালেন হ্যাজেলউড। তিনি বলেন, ‘বোল্যান্ডের সঙ্গে আরও বেশি টেস্ট খেলতে চাই। সে যখনই সুযোগ পেয়েছে, দারুণ পারফর্ম করেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ক্যারিয়ারও ভালো হচ্ছে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তিনশ উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে হ্যাজেলউড। আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তার। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার আটজন বোলার ও ছয়জন পেসার টেস্টে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

